সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধারা দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমস দখল করার পর কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। রোববার এই ঐতিহাসিক অগ্রযাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্রোহী দলগুলো ঘোষণা দিয়েছে যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতন হয়েছে।
বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স জানিয়েছে, বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনামলের অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।
২০১১ সালে আরব বসন্তের জের ধরে শুরু হওয়া বিক্ষোভ ক্রমে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। রাশিয়া এবং ইরানের সমর্থনে বাশার আল-আসাদ বহুদিন ক্ষমতায় টিকে থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্রোহীদের নতুন আক্রমণে সরকারি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে।
হোমস দখলের পর শহরের বাসিন্দারা রাস্তায় নেমে উল্লাস করে। তারা "আসাদ শেষ", "হোমস মুক্ত", এবং "সিরিয়া দীর্ঘজীবী হোক" স্লোগানে মুখরিত হয়। বিদ্রোহীরা উল্লাসে আকাশে গুলি ছোড়ে এবং তরুণেরা আসাদের পোস্টার ছিঁড়ে ফেলে।
দামেস্কে প্রবেশের পর বিদ্রোহীরা উত্তরাঞ্চলের কুখ্যাত সাইদনায়া সামরিক কারাগারে প্রবেশ করে বন্দিদের মুক্ত করার দাবি করেছে। পাশাপাশি, সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজধানী ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
এক বিদ্রোহী বিবৃতিতে জানায়, “পঞ্চাশ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের যুদ্ধ-সহিংসতার অবসান ঘটিয়ে আজ আমরা একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি।”
দামেস্কের প্রধান চত্বরে হাজারো মানুষ স্বাধীনতার স্লোগানে অংশ নেয়। এই ঘটনার মাধ্যমে সিরিয়ার ভবিষ্যৎ এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।

0 মন্তব্যসমূহ